শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চার দফা দাবিতে যাত্রা শুরু ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

ছবি: সংগৃহীত

শাহবাগ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ নামে একটি পথযাত্রা শুরু হয়েছে, যা শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং ইনকিলাব মঞ্চ ঘোষিত চার দফা দাবির বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত হয়েছে। এই আন্দোলনে ইনকিলাব মঞ্চের নেতা ও কর্মীরা অংশগ্রহণ করেছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদী চত্বর থেকে পথযাত্রা উদ্বোধন করা হয়। এই সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে শোনা যায়। তাদের স্লোগানের মধ্যে ছিল ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যাবে না রক্তের স্রোতে ডুবে যাবে অন্যায় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘লাল সবুজের পতাকা, ইনকিলাবের পতাকা, হাদি তোমায় দেখা হবে দিল্লি নয় ঢাকা, ঢাকা ঢাকা’।

পথযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব-সিটি কলেজ, মোহাম্মদপুর-তিন রাস্তার মোড়, রায়েরবাজার-বধ্যভূমি, মিরপুর ১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা এবং যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় শাহবাগ হাদি চত্বরে এসে শেষ হবে। এই অভিযানে মোট ১০টি পিক-আপে নেতাকর্মীরা অংশ নেন।

ইনকিলাব মঞ্চের চার দফা দাবির মধ্যে রয়েছে প্রথমত, খুনি, খুনের পরিকল্পনাকারী, সহযোগী, আশ্রয়দাতা এবং পালিয়ে থাকা সকলকে আগামী ২৪ দিনের মধ্যে বিচার করা। দ্বিতীয়ত, বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করা। তৃতীয়ত, যদি ভারত নিজের দেশে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানায়, তবে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা। চতুর্থত, সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি আনা।

শেয়ার করুন