রবিবার, ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশে বন্ধ আইপিএল সম্প্রচার, ভারতীয় মিডিয়ার প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত

বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ক্রিকেটপাড়া সরগরম হয়ে উঠেছে। আজ সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান বাংলাদেশের মধ্যে সম্প্রচার বন্ধ রাখা হবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

ভারতীয় সংবাদমাধ্যম এই ঘটনার খবর বৃহৎভাবে প্রচার করেছে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার শিরোনাম করেছে, “বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার! ‘জনস্বার্থে’ অনির্দিষ্টকালীন সিদ্ধান্ত ইউনুস সরকারের।” সংবাদ প্রতিদিনের শিরোনাম, “মুস্তাফিজুরের বদলা! বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ, এবার কূটনীতির বাইশ গজে ঢাকা-দিল্লি লড়াই।”


নিউজ ১৮ বাংলা লিখেছে, “এবার বাংলাদেশে ব্যান আইপিএল! সম্প্রচারে নিষেধাজ্ঞা, চরমে উঠল মুস্তাফিজ বিতর্ক।”
এবিপি আনন্দ জানিয়েছে, “মোস্তাফিজকে বাদ দেওয়ায় আইপিএল সম্প্রচার বন্ধ করল বাংলাদেশ সরকার, সাফ জানানো হলো।” হিন্দুস্তান টাইমসও খবর প্রকাশ করেছে, “বাংলাদেশি মুস্তাফিজ আইপিএল থেকে বাদ যাওয়ার মাত্র ২ দিন পরই বড় নির্দেশ।”

তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। এ সিদ্ধান্তের যৌক্তিক কারণ জানা যায়নি এবং এটি বাংলাদেশের জনগণকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। অতএব, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।”

মোস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়ার প্রভাব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)-কেও স্পর্শ করেছে। বিসিবি জানিয়েছে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভারত সফরে যাবে না। বিষয়টি নিয়ে আইসিসিকে চিঠি পাঠানো হয়েছে।

শেয়ার করুন