শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন তাসনিম জারা

ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা সোমবার বিকেল পৌনে ৪টায় নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখায় মনোনয়নপত্র বাতিল ঘোষণার বিরুদ্ধে আপিল করেছেন।

আবেদন জমা দেওয়ার পর তাসনিম জারা বলেন, “সাধারণ মানুষ চায় আমি নির্বাচনে লড়াই করি। তাই জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমি শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব।” তিনি আরও জানান, “আপিলে জয়ী হয়ে জনগণের জন্য নির্বাচনের মাঠে আসব।”

গত ৩ জানুয়ারি ঢাকা-৯ আসনের রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। তাসনিম জারা সেই সময়ে জানান, ভোটারদের স্বাক্ষরে কিছু অসঙ্গতি বা দুজনের স্বাক্ষর সংক্রান্ত সমস্যার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে। সোমবার থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে এই আপিল করা যাবে।

উল্লেখ্য, তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে তিনি দল থেকে পদত্যাগ করেন। এরপর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন।

শেয়ার করুন