ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোনো প্রয়োজনই নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (৫ জানুয়ারি) সকালে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারাত শেষে আজাদির যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, “যদি বিএনপি গণতন্ত্র রক্ষা করতে চায়, তাহলে প্রশাসনের পক্ষপাতিত্বমূলক ও নগ্ন আচরণের বিরুদ্ধে তাদেরও স্পষ্ট বক্তব্য দেওয়া প্রয়োজন। প্রশাসনের এমন আচরণে জনগণের স্বাভাবিক ভোটাধিকার ক্ষুণ্ণ হতে পারে।”
দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও একই সঙ্গে বলেন, “প্রশাসন বর্তমানে বিএনপির দিকে হেলে পড়েছে। এমনকি সরকারি কর্মকর্তারা আবারও শেখ হাসিনার আমলের ন্যায় অফিস ত্যাগ করে তারেক রহমানকে স্বাগত জানাতে গিয়েছিলেন। আমরা চাই না, কেউ কোনো প্রকার গোলামি রাজনীতির দিকে ঝুঁকে পড়ুক।”
তিনি আরও উল্লেখ করেন, “আজও ওসমান হাদির খুনিদের চিহ্নিত করা হয়নি। হাদির লড়াই আজও আমাদের কাছে জীবন্ত। আমরা আজাদির আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব এবং এগারো দলের জোট আজাদির নীতিতে কাজ করবে। আমরা কখনোই অনৈতিক বা গোলামীমূলক রাজনীতি চালাব না।”
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, শাহবাগ ও রমনা এলাকায় দলটি নিজেকে আজাদির এলাকা হিসেবে ঘোষণা করেছে। তিনি বলেন, “হাদির আজাদির লড়াই আমরা সততার সঙ্গে চালিয়ে যাব। সকল কর্মকাণ্ড উন্মুক্ত ও স্বচ্ছ হবে।”
এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন বলেন, “এ এলাকায় প্রচার কার্যক্রম শুধুমাত্র আজাদির মূল বার্তা নিয়ে হবে। শাপলা কলি বা অন্যান্য কোনো বিষয় প্রচারণার অংশ হবে না।”





