ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় কিছু রিটার্নিং অফিসারের সিদ্ধান্তকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আইনের দৃষ্টিতে গুরুত্বহীন কিছু বিষয়কে প্রমাণ হিসেবে ধরে উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করা হচ্ছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রোববার এক বিবৃতিতে জানান, দেশের বিভিন্ন আসনে মনোনয়নপত্র দাখিলের পর যাছাই-বাছাইয়ের কাজ চলছে। এ প্রক্রিয়ায় কিছু জেলা রিটার্নিং অফিসারের আচরণ ভিন্ন চিত্র ফুটিয়ে তুলেছে। বিশেষ করে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করার ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, রিটার্নিং অফিসাররা প্রার্থীর ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষমতার বাইরে বা ছাড় দিতে পারতেন এমন পরিস্থিতিতেও কঠোর নীতি অবলম্বন করেছেন। এর ফলে অনেক যোগ্য প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। “প্রদত্ত তথ্য ও কাগজপত্র সঠিকভাবে দাখিল করা সত্ত্বেও, উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করা হয়েছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়,” যোগ করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, এই ধরনের কার্যকলাপে কোনো এক মহলের প্রভাব থাকছে বলে তাদের মনে হচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হবে তা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। তিনি প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানান, রিটার্নিং অফিসাররা যেন গুরুত্বহীন বিষয়কে ভিত্তি করে প্রার্থীদের মনোনয়ন বাতিল না করেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল উল্লেখ করেন, যেসব প্রার্থীর প্রার্থিতা অহেতুক কারণে বাতিল হয়েছে, তাদের প্রার্থিতা অবিলম্বে বৈধ ঘোষণা করা হোক। এছাড়া, সকল প্রার্থীর জন্য সমান সুযোগ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করে নির্বাচনের মাঠ সমতল করার জন্য নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের প্রতি তিনি দৃঢ় আহ্বান জানান।





