বিশ্ব বাজারে স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ার প্রভাব দেশের বাজারেও পড়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নতুন স্বর্ণের দাম ঘোষণা করেছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এই দাম অনুযায়ী রোববার (৪ জানুয়ারি) থেকে স্বর্ণের ক্রয়-বিক্রয় কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকায়। এর আগে বৃহস্পতিবার ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায় ছিল। একইভাবে, ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা (বৃহস্পতিবার ছিল ২ লাখ ১৪ হাজার ৩৫ টাকা), ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা (আগেরদিন ১ লাখ ৮৩ হাজার ৪১৭ টাকা), এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকায় (বৃহস্পতিবার ছিল ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা)। এই দাম পরবর্তী কোনও পরিবর্তন না হওয়া পর্যন্ত সব জুয়েলারি দোকানে প্রযোজ্য থাকবে।
বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অবশ্যই যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার কিছুটা পরিবর্তিত হতে পারে।





