মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্বে ডেলসি রদ্রিগেজ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায় রোববার (৪ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়ার পর নিকোলাস মাদুরোর শূন্যস্থান পূরণে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। আদালত জানান, প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রদ্রিগেজকে এই দায়িত্ব দেয়া অত্যাবশ্যক।

সুপ্রীম কোর্ট আরও জানিয়েছে, প্রেসিডেন্টের অনুপস্থিতির প্রেক্ষাপটে রাষ্ট্র পরিচালনা, সরকারী কার্যক্রম এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আইনগত কাঠামো প্রযোজ্য হবে তা নির্ধারণে আদালত পরবর্তী সময়ে আরও আলোচনা ও পর্যালোচনা করবেন। এই সিদ্ধান্তের মাধ্যমে আপাতত ভেনেজুয়েলার রাষ্ট্রক্ষমতায় অন্তর্বর্তী নেতৃত্বের ব্যবস্থা কার্যকর হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যদি ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী কাজ করেন, তবে দেশে মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন হবে না। নিউইয়র্ক পোস্টের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তারা রদ্রিগেজের সঙ্গে বহুবার কথা বলেছেন এবং তিনি বিষয়টি বুঝতে সক্ষম হয়েছেন।

ট্রাম্প আরও উল্লেখ করেন, ডেলসি রদ্রিগেজ ইতিমধ্যে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির নিয়ন্ত্রণ কে হাতে নেবে, তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের মতে, রদ্রিগেজ যদি যুক্তরাষ্ট্রের নির্দেশনামাফিক কাজ করেন, তাহলে সেখানে সরাসরি মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন পড়বে না।

শেয়ার করুন