ভেনেজুয়েলায় চালানো সাম্প্রতিক সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পুরো অভিযানটি শুরু থেকে শেষ পর্যন্ত তিনি সরাসরি পর্যবেক্ষণ করেছেন এবং তার কাছে এটি একটি ‘টেলিভিশন শো’-এর মতো মনে হয়েছে।
শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি জানান, অভিযানের প্রতিটি ধাপ অত্যন্ত নিখুঁত পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সামরিক বাহিনীর সদস্যরা তাকে জানিয়েছেন—বিশ্বে আর কোনো দেশ নেই, যারা এত নিখুঁত কৌশলে এমন একটি অভিযান পরিচালনা করতে সক্ষম। অভিযানের সময় কী কী ঘটেছে, তা তিনি নিজ চোখে দেখেছেন উল্লেখ করে ট্রাম্প বলেন, তার কাছে পুরো ঘটনাপ্রবাহ একটি টিভি শোর মতো মনে হয়েছে।
তিনি আরও বলেন, মার্কিন সেনাবাহিনীর গতিশীলতা, সমন্বয় ও কার্যক্রম ছিল অসাধারণ। তার ভাষায়, সেনারা দুর্দান্ত কাজ দেখিয়েছে এবং অন্য কোনো বাহিনী এত দক্ষতার সঙ্গে এই অভিযান পরিচালনা করতে পারত না।
ট্রাম্প দাবি করেন, এত বড় ও গুরুত্বপূর্ণ একটি সামরিক অভিযানে কোনো মার্কিন সেনা বা অন্য কারও প্রাণহানি ঘটেনি। তিনি বলেন, তার জানা মতে শুধু দু’জন আহত হয়েছেন।
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, এই সামরিক অভিযানের অনুমতি তিনি মাত্র চার দিন আগে দিয়েছিলেন। এত অল্প সময়ের মধ্যে অভিযান সফলভাবে সম্পন্ন হওয়াকে তিনি একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করেন।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটি ছিল একটি অত্যন্ত জটিল অপারেশন। এতে বিপুল সংখ্যক যুদ্ধবিমান ও সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, এত কম সময়ের মধ্যে এমন সফল অভিযান বাস্তবায়ন সত্যিই প্রশংসার যোগ্য।





