মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনেজুয়েলার বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা দেখছেন না বলে জানিয়েছেন রিপাবলিকান সিনেটর মাইক লি। এই মন্তব্য আসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করার পর।
সিনেটর লি জানিয়েছেন, রুবিওর সঙ্গে ফোনালাপের পর তিনি নিশ্চিত হয়েছেন যে মাদুরোকে গ্রেফতার করা হয়েছে। লি বলেন, “মাদুরো এখন মার্কিন হেফাজতে থাকায় রুবিও ভেনেজুয়েলায় আর কোনো পদক্ষেপের প্রয়োজন দেখছেন না।”
তিনি আরও উল্লেখ করেছেন, এই পদক্ষেপ ছিল মূলত “মাদুরোর গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে যারা দায়িত্বে ছিলেন তাদের সুরক্ষা ও প্রতিরক্ষার জন্য”।
এর আগে এক পোস্টে মাইক লি লিখেছিলেন, “যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন ছাড়া এই পদক্ষেপ কীভাবে সাংবিধানিকভাবে বৈধ হতে পারে—সেটা জানার অপেক্ষায় আছি।”
অন্যদিকে, ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দেশজুড়ে সামরিক মোতায়েনের ঘোষণা দিয়েছেন। স্প্যানিশ ভাষায় দেওয়া একটি ভিডিও ভাষণে তিনি আজকের মার্কিন হামলাকে দেশটির বিরুদ্ধে ‘সবচেয়ে বাজে আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন।
পাদ্রিনো বলেন, “তারা আমাদের ওপর আক্রমণ করেছে, কিন্তু আমাদের দমন করতে পারবে না,” এবং দেশজুড়ে মাদুরোর নির্দেশ অনুসরণের কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জরুরি অবস্থা ঘোষণা করেছেন। শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় রাত ২টায় কারাকাসসহ অন্যান্য এলাকায় বিস্ফোরণ ঘটেছে। ভেনেজুয়েলার সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্র বিভিন্ন সামরিক স্থাপনা ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে।
মাদুরো এই হামলাকে তার দেশের তেল ও খনিজ সম্পদ দখলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা হিসেবে নিন্দা করেছেন। হামলা শুধুমাত্র কারাকাস নয়, মিরান্ডা, আরাগওয়া ও লা গুয়াইরা রাজ্যেও চালানো হয়েছে। প্রেসিডেন্ট মাদুরো দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েন করেছেন।
সাতার্কের ভোরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দেশটিতে বড় পরিসরে হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পরিকল্পনা ছিল। তবে, মাদুরোকে কীভাবে ধরা হয়েছে বা কোথায় নেওয়া হয়েছে তা তিনি বিস্তারিতভাবে জানাননি। এর আগে যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেফতার করার জন্য ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল।





