ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। দীর্ঘ দরকষাকষির পর ৯ কোটি ২০ লাখ রুপির বড় অঙ্কে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে নিলামের পরপরই ভারতীয় গণমাধ্যমে দাবি ওঠে, বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে দলে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবস্থান জানাল কেকেআর।
শাহরুখ খানের মালিকানাধীন ক্লাবটি এক বিবৃতির মাধ্যমে মুস্তাফিজকে এবারের আইপিএলে খেলানো হবে না এবং তাকে দল থেকেও ছেড়ে দেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছে।
কেকেআর জানায়, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা আসন্ন আসরের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেই নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া ও পরামর্শ অনুসরণ করেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। একই সঙ্গে আইপিএলের নিয়ম অনুযায়ী কেকেআর একজন বদলি খেলোয়াড় দলে নেওয়ার অনুমতিও পাবে।
এ বিষয়ে গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে, তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।’
এবারের আইপিএল নিলামে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছিলেন মুস্তাফিজ। সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দেওয়ায় আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের উপেক্ষার বিষয়টিও আলোচনায় আসে। এর আগের মৌসুমে নিলামে দল না পেলেও শেষ মুহূর্তে দিল্লির হয়ে খেলেন মুস্তাফিজ এবং ভালো পারফরম্যান্স করেন। সে কারণেই এবারের নিলামে তাকে নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে।
চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে প্রতিযোগিতার পর রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা। এই দামের কারণে ক্রিকেটাঙ্গনেও ব্যাপক আলোচনা হয়। তবে নিলামের পর বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএলে নেওয়ার বিরোধিতা শুরু করে ভারতের একটি অংশ, যার প্রভাব পড়ে বিসিসিআইয়ের সিদ্ধান্তে।
এই প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। এর আগে তিনি আইপিএলে পাঁচটি ভিন্ন দলের হয়ে আটটি মৌসুম খেলেছেন। ৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসার আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬৫টি উইকেট নিয়েছেন।





