রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে ট্রেনে ওঠার সময় পড়ে এক নারীর মৃত্যু

অপু দাস, স্টাফ রিপোর্টার :
রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম রুপা খাতুন (২৩)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিত্তরকুড়ি গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী মো. অনিক ঢাকায় কর্মরত।
রাজশাহী রেলওয়ে থানা পুলিশ জানায়, মো. অনিক স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন। ট্রেন ছেড়ে দেওয়ার সময় তিনি আগে উঠে স্ত্রীকে হাত ধরে ওঠাতে চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত রুপা খাতুন হাত ফসকে পড়ে যান এবং দুর্ঘটনার শিকার হন।
ঘটনাটি বুঝতে পেরে অনিকও তাৎক্ষণিকভাবে ট্রেন থেকে নেমে পড়েন। পরে ট্রেনটি চলে গেলে আশপাশের লোকজনের সহায়তায় আহত রুপা খাতুনকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
শেয়ার করুন