শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রবার্তো কার্লোসকে হার্ট অ্যাটাকের গুজব, যা বললেন তিনি

ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো হার্ট অ্যাটাকের গুজবের খবরের পর বুধবার তিনি নিজেই নিশ্চিত করেছেন, আসলে সম্প্রতি হৃদযন্ত্রের জন্য একটি প্রতিরোধমূলক চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন। তবে স্পষ্টভাবে বলেছেন, হার্ট অ্যাটাক করেননি এবং বর্তমানে সুস্থ অবস্থায় রয়েছেন। তিনি সাও পাওলোর একটি হাসপাতালে সুস্থ হওয়ার পথে রয়েছেন।

সাবেক ফুলব্যাক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “সম্প্রতি যেসব তথ্য ছড়িয়েছে, সে বিষয়ে আমি পরিষ্কার করতে চাই। চিকিৎসক দলের সঙ্গে আগেই পরিকল্পনা করা একটি প্রতিরোধমূলক চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাকে সম্প্রতি যেতে হয়েছে। প্রক্রিয়াটি সফল হয়েছে এবং আমি ভালো আছি।”

তিনি আরও জানিয়েছেন, “আমার হার্ট অ্যাটাক হয়নি। আমি দ্রুত সেরে উঠছি এবং খুব শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে পেশাগত ও ব্যক্তিগত দায়িত্বে ফিরতে মুখিয়ে আছি। আপনাদের সবার সমর্থন, খোঁজখবর ও শুভকামনার জন্য আন্তরিক ধন্যবাদ। সবাইকে আশ্বস্ত করতে চাই, উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। আমাকে যারা চিকিৎসা দিয়েছেন, সেই পুরো মেডিকেল টিমকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

৫২ বছর বয়সী রবার্তো কার্লোসকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুলব্যাক হিসেবে গণ্য করা হয়। তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন। এছাড়া ১৯৯৬ থেকে ২০০৭ সালের মধ্যে রিয়াল মাদ্রিদের জার্সিতে চারটি লা লিগা শিরোপা এবং তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন।

শেয়ার করুন