মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা বললেন পাকিস্তানের স্পিকার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর এবং পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক। উভয়েই তাদের নিজ নিজ দেশের প্রতিনিধি হিসেবে যোগ দেন। ঢাকায় পৌঁছানোর পর এই দুই নেতার মধ্যে সাক্ষাৎ ও আলাপচারিতার সুযোগ তৈরি হয়।

জানাজার পর জয়শঙ্কর এবং সরদার আয়াজ নিজ নিজ দেশে ফিরে যান। ঢাকায় জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ নিয়ে সরদার আয়াজ আজ বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির এক টকশোতে বক্তব্য দিয়েছেন।

জিও টিভির ‘আজ শাহজাইব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের স্পিকার। তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসনের জানাজার জন্য আমরা যারা পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ থেকে এসেছি, ঢাকায় এসে প্রথমে সবাই বাংলাদেশের পার্লামেন্ট ভবনের অভ্যর্থনা কক্ষে একত্রিত হয়েছি। সেই সময়ই জয়শঙ্কর এবং তার নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধিদলের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়।”

সরদার আয়াজ আরও জানালেন, “আমি তখন বাংলাদেশের পাকিস্তানি হাইকমিশনারের সঙ্গে কথা বলছিলাম। সেই সময় জয়শঙ্কর এগিয়ে এসে স্বাগত জানিয়েছেন এবং নিজের পরিচয় দিয়েছেন। যখন আমি নিজের পরিচয় দেওয়ার জন্য এগিয়ে গেলাম, তিনি বললেন, ‘আমি আপনাকে চিনি, পরিচয় দেওয়ার প্রয়োজন নেই।’”

সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন তার সঙ্গে হাত মেলাতে এগিয়ে এসেছেন, তখন সংবাদমাধ্যমের ক্যামেরা ও সাংবাদিকরা পুরো দৃশ্য নজরে রেখেছিলেন। আয়াজ মনে করেন, জয়শঙ্কর পুরোপুরি সচেতন ছিলেন এবং সেই অনুযায়ী আচার-ব্যবহার করেছেন।

“তিনি মিডিয়ার উপস্থিতি বোঝেন এবং সেভাবেই আমার সঙ্গে কথোপকথন করেছেন,” যোগ করেছেন সরদার আয়াজ।

সূত্র: জিও টিভি

শেয়ার করুন