অপু দাস, স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে ফসলি জমিতে জোরপূর্বক পুকুর খননকে কেন্দ্র করে এক যুবককে ভেকু মেশিনের নিচে ফেলে হত্যা মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি বিপ্লব হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৫, রাজশাহী এবং র্যাব-১০, ফরিদপুরের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, হত্যা, চাঁদাবাজি, অবৈধ দখল, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী রফিকুল ইসলাম (৫৮), পিতা—নহির উদ্দিন, সাং—বড় পালসা, থানা—মোহনপুর, জেলা—রাজশাহী; পেশায় একজন কৃষক। গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মসজিদের মাইকে জমিতে জোরপূর্বক পুকুর খননের ঘোষণা দেওয়া হলে তিনি ও তার ছেলে আহমেদ জুবায়ের (২২) ঘটনাস্থলে যান। রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে তারা মোহনপুর থানাধীন পালশা পূর্ব বিলে গিয়ে দেখতে পান, কতিপয় ব্যক্তি ভেকু মেশিন দিয়ে তাদের জমিসহ আশপাশের জমিতে পুকুর খনন করছে। এ সময় পুকুর খননের কারণ জানতে চাইলে অভিযুক্তরা তাদের কথায় কর্ণপাত না করে কাজ চালিয়ে যেতে থাকে। একপর্যায়ে ভিকটিম আহমেদ জুবায়ের পুকুর খননে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে ভেকু মেশিনের সাহায্যে ফেলে দিয়ে তার ওপর দিয়ে মেশিন চালিয়ে দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার পর ভিকটিমের পিতা বাদী হয়ে মোহনপুর থানায় ৭ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি থানার মামলা নং-১১, তারিখ ১৮ ডিসেম্বর ২০২৫, ধারাঃ ৩০২/১১৪/১ (পেনাল কোড ১৮৬০)।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারে অভিযান জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ১২টা ১০ মিনিটে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ৫ নম্বর আসামি বিপ্লব হোসেন (৫২) কে গ্রেফতার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।





