মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রথম মুসলিম মেয়র হিসেবে, কুরআন হাতে নিয়ে শপথ নিলেন জোহরান মামদানি

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি। শপথ গ্রহণের সময় তিনি কুরআনে হাত রেখে দায়িত্ব গ্রহণ করেন, যা শহরের ইতিহাসে অনন্য এর আগে কোনো মেয়রই কুরআনে হাত রেখে শপথ নেননি।

শপথের সময় তিনি দুটি কুরআন ব্যবহার করেন: একটি তার দাদার ব্যক্তিগত কুরআন এবং অন্যটি একটি পকেট-সাইজের প্রাচীন কুরআন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সিটি হলের নিচে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি সাবওয়ে স্টেশনে। শপথ গ্রহণের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী রামা দুওয়াজি।

নিউইয়র্কের মেয়ররা সাধারণত বাইবেলের ওপর হাত রেখে শপথ নেন, তবে আইন অনুযায়ী কোনো ধর্মীয় গ্রন্থ ব্যবহারের বাধ্যবাধকতা নেই। মামদানির এই সিদ্ধান্ত শহরের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন দিক যোগ করেছে।

৩৪ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতা নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। পাশাপাশি তিনি প্রথম দক্ষিণ এশীয় ও প্রথম আফ্রিকায় জন্মগ্রহণকারী ব্যক্তি, যিনি এই পদে অধিষ্ঠিত হচ্ছেন, যেমনটি অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে।

নির্বাচনী প্রচারণায় তিনি মূলত জীবনযাত্রার ব্যয়, বাসস্থান এবং সাধারণ মানুষের আর্থিক চাপের মতো বিষয়গুলোর ওপর গুরুত্ব আরোপ করেন। নিজের মুসলিম পরিচয় নিয়েও ছিলেন স্পষ্ট ও আত্মবিশ্বাসী। প্রচারণার মাধ্যমে তিনি দক্ষিণ এশীয় এবং মুসলিম ভোটারদের মধ্যে দৃঢ় সমর্থন তৈরি করেন।

শপথে ব্যবহৃত প্রাচীন কুরআনটি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির শোমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচারের সংগ্রহের অংশ। বিশেষজ্ঞদের মতে, এটি ১৮শ শতকের শেষভাগ বা ১৯শ শতকের শুরুর দিকে অটোমান আমলে তৈরি হয়েছিল এবং বর্তমান সিরিয়া, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিনি ভূখণ্ড বা জর্ডানের কোনো অঞ্চলে উৎপন্ন হয়েছিল বলে ধারণা করা হয়।

কুরআনে শপথ নেওয়ার সিদ্ধান্ত কিছু রক্ষণশীল মহলের সমালোচনা পেয়েছে। তবে সমর্থকেরা মনে করেন, এটি নিউইয়র্ক সিটির বহুসাংস্কৃতিক ও বহুধর্মীয় পরিচয়কে প্রতিফলিত করে। শপথ গ্রহণের পর প্রাচীন কুরআনটি জনসাধারণের জন্য লাইব্রেরিতে প্রদর্শনের জন্য রাখা হবে।

শেয়ার করুন