রাজশাহীর পুঠিয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
ঘটনা ঘটে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার বানেশ্বর কলাহাটে।
নিহতরা হলেন: নাটোর সদরের কাফুরিয়া এলাকার শাহিনের ছেলে সিয়াম (১৫), সদরের পাকি পাড়ার আক্কেল প্রামানিকের ছেলে মুনক (৩৫), বাগাতিপাড়া সালাইনগরের সৈয়দ উদ্দিনের ছেলে সেন্টু (৪০) এবং চারঘাটের অস্কারপুরের মৃত মাহাতাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০)।
স্থানীয়রা জানিয়েছেন, পুঠিয়ার ঝলমলিয়া কলাহাটে নাটোর অভিমুখী যাচ্ছিল ট্রাকটি। বিপরীত দিক থেকে আসা এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঝলমলিয়া কলাহাটে উপস্থিত লোকজন আহত হন।
রাজশাহী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ চলমান রয়েছে। পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধারকাজে অংশ নিচ্ছেন।
পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে তিনজন মারা গেছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে, বিস্তারিত পরে জানানো হবে।”





