ইরানে মুদ্রাস্ফীতি ও রিয়ালের ভয়ঙ্কর পতনের প্রতিবাদে বিক্ষোভ ও ধর্মঘটের ঘটনা রাজধানী তেহরান থেকে ছড়িয়ে দেশের অন্যান্য শহরগুলোতেও পৌঁছেছে। বুধবার এ বিক্ষোভ তৃতীয় দিনে প্রবেশ করলো, এবং কারাজ, হামেদান, কেশম, মালার্দ, ইসপাহান, কেরমানশাহ, শিরাজ ও ইয়াজদসহ বিভিন্ন শহরে নাগরিকরা অংশ নিয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাঁদানে গ্যাসের ব্যবহার করেছে।
গত রোববার তেহরানের খোলা বাজারে মার্কিন ডলারের তুলনায় রিয়ালের দাম রেকর্ডভাবে নিম্নমুখী হয়। এর পরপরই দোকানি ও ব্যবসায়ীরা বিক্ষোভ ও ধর্মঘট শুরু করেন। সরকারের তরফে জানানো হয়েছে, তারা বিক্ষোভকারীদের দাবি গুরুত্বসহকারে বিবেচনা করছেন এবং কঠিন পরিস্থিতির মধ্যেও সংযমের সঙ্গে তাঁদের কথা শোনা হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই আন্দোলনে যোগ দিয়েছেন এবং সরকারবিরোধী স্লোগান প্রদান করছেন।





