রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াত আমিরের ভারতীয় কূটনীতিক বৈঠক নিয়ে দেশীয় মিডিয়ার সংবাদে তীব্র নিন্দা

ফাইল ছবি

ভারতীয় এক কূটনীতিকের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক নিয়ে গতকাল বুধবার বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। কিছু গণমাধ্যমে বৈঠকটি গোপন বলে উল্লেখ করা হলেও, বাংলাদেশের জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান এই খবরের তীব্র নিন্দা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, “আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন-ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনারা কোনো যোগাযোগ বা বৈঠক করেন কি না।”

জামায়াত আমীরের ফেসবুক স্ক্রিনশট

ডা. শফিকুর রহমান লিখেছেন, “আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনীতিকবৃন্দ যেমন এসেছেন, তেমনি ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেছেন, “আমরা তাদের সঙ্গে আলাপ-আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন, তাদের সবার বিষয়ই আমরা পাবলিসিটিতে এনেছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম, পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে, তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই।”

ডা. শফিকুর রহমান বলেছেন, “আমি বিস্মিত যে, আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।”

শেয়ার করুন