নাজমুল এইচ খান, শৈলকূপা প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের নাদপাড়া গ্রামে রান্নার চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিট থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি মো. বাবুল (৫২), যিনি মৃত জমির শেখের ছেলে। অগ্নিকাণ্ডে তার একটি বসতঘর, একটি রান্নাঘর ও একটি গোয়ালঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ঘরগুলোতে। খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সংবাদ পেয়ে শৈলকূপা আর্মি ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে আনুমানিক এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।





