সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্বল পাঁচ ব্যাংকের কার্যক্রম শুরু আজ থেকে

দুর্বল পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য টাকা উত্তোলনের পথ খুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে গ্রাহকরা নির্ধারিত সীমার মধ্যে তাদের জমা অর্থ তুলতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে এককালীন সর্বোচ্চ ২ লাখ টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছে। যাদের হিসাবে এর বেশি অর্থ জমা রয়েছে, তারা পরবর্তী সময়ে প্রতি তিন মাস পরপর ১ লাখ টাকা করে তুলে সর্বোচ্চ ৭ লাখ টাকা পর্যন্ত নিতে পারবেন। তবে কিডনি ডায়ালাইসিস ও ক্যানসারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই উত্তোলনসীমা প্রযোজ্য হবে না।

টাকা উত্তোলনের ক্ষেত্রে ব্যক্তি আমানতকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্যদিকে, কোনো প্রতিষ্ঠানের আমানত যদি ৭ লাখ টাকার বেশি হয়, তাহলে সেই অতিরিক্ত অর্থ পাঁচ বছর মেয়াদি আমানতে রূপান্তর করা হবে। এসব আমানতের বিপরীতে ব্যাংক রেটের চেয়ে ১ শতাংশ কম, অর্থাৎ ৩ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে। ব্যক্তি আমানতকারীরা দুই বছর পর তাদের সম্পূর্ণ জমা অর্থ উত্তোলনের সুযোগ পাবেন।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি তহবিল, জয়েন্ট ভেঞ্চার ও বহুজাতিক কোম্পানি, রেজল্যুশনের আওতাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং বিদেশি দূতাবাসগুলোর ক্ষেত্রে ধাপে ধাপে স্বাভাবিক লেনদেন চালুর ব্যবস্থা নেওয়া হবে।

চলতি ও সঞ্চয়ী হিসাবের বাইরে তিন মাস মেয়াদি আমানত স্বয়ংক্রিয়ভাবে আরও তিনবার নবায়নের পর উত্তোলনযোগ্য হবে। পাশাপাশি, ছয় মাস থেকে এক বছর মেয়াদি আমানতের ক্ষেত্রে দুই দফা নবায়ন সম্পন্ন হলে টাকা তোলার সুযোগ মিলবে।

শেয়ার করুন