সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে তিনি খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতে তার আদর্শ এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বুধবার (৩১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ঢাকায় এসে বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান। একই দিনে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো ওই চিঠি হস্তান্তর করেন।
চিঠিতে নরেন্দ্র মোদি খালেদা জিয়ার প্রয়াণে সৃষ্ট শূন্যতার কথা উল্লেখ করে তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং এই ক্ষতিকে একটি “অপূরণীয় ব্যক্তিগত ও জাতীয় শূন্যতা” হিসেবে অভিহিত করেন।
২০১৫ সালের জুন মাসে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার স্মৃতি তুলে ধরে মোদি লেখেন,
“তিনি ছিলেন সংকল্প ও আদর্শনিষ্ঠায় বিরল এক নেত্রী, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বাংলাদেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।”
চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। বার্তায় বলা হয়েছে, তার প্রয়াণ এক অপূরণীয় শূন্যতা তৈরি করলেও তার আদর্শ ও উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে।”
তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, আমি নিশ্চিত যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার যোগ্য নেতৃত্বে তার সেই আদর্শগুলো এগিয়ে নিয়ে যাবে। একইসঙ্গে তা এক নতুন পথচলা নিশ্চিত করতে এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করতে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।”
রাষ্ট্রীয় শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন নরেন্দ্র মোদি। চিঠিতে তিনি উল্লেখ করেন,
“এ দেশের মানুষ বরাবরই শৌর্য ও মর্যাদার পরিচয় দিয়েছে। তারা তাদের গণতান্ত্রিক ঐতিহ্য ও জাতীয় ঐক্যের মাধ্যমে আগামীতে শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে যাবে।”
চিঠির শেষ অংশে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে এই কঠিন সময় অতিক্রম করার জন্য শক্তি ও ধৈর্য কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী।





