দুই দিনের জন্য স্থগিত থাকার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের দ্বাদশ আসরের ভেন্যুতে পরিবর্তন এসেছে। চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ার অপেক্ষায় থাকা সব ম্যাচ এখন সিলেটেই আয়োজন করা হবে।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিপিএলের সংশোধিত সূচি প্রকাশ করে। নতুন সূচি অনুযায়ী, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে নির্ধারিত ১২ ম্যাচের পরিবর্তে এখন মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবারের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছিল। এই ম্যাচ দুটি নতুন করে ৪ জানুয়ারি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের সূচি অনুযায়ী ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে বিপিএলের খেলা শুরুর কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা আর সম্ভব হচ্ছে না।
এই কারণে ১২ জানুয়ারি পর্যন্ত বিপিএলের সব ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। এরপর ১৫ জানুয়ারি থেকে বিপিএলের শেষ পর্ব শুরু হবে ঢাকায়। লিগ পর্বের শেষ ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতেই প্লে-অফের চারটি ম্যাচ আয়োজন করা হবে।
আগে ঘোষিত সূচি অনুযায়ী বিপিএলের ফাইনাল ম্যাচ ২৩ জানুয়ারিতেই অনুষ্ঠিত হবে।





