মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা ধর্ষণের পর নারীকে ফেলা হলো রাস্তায়

ভারতের হরিয়ানার ফরিদাবাদে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে এক ২৮ বছর বয়সী নারীকে চলন্ত গাড়িতে দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টা ধরে দলবদ্ধ ধর্ষণের শিকার করা হয়েছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে অভিযুক্তরা পালিয়ে যায়।

পুলিশ জানায়, ঘটনার সময় নারী বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষায় ছিলেন। তখন দুই যুবক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি ভ্যানগাড়িতে তুলে নেন। কিন্তু গাড়িটি তার বাড়ির দিকে না গিয়ে গুরগাঁও সড়কের দিকে চলে যায়। অভিযোগ অনুযায়ী, গাড়িতে চলতে চলতে অভিযুক্তরা বারবার তাকে ধর্ষণ করে। নারী প্রতিরোধের চেষ্টা করলে তাকে হুমকি ও ভয় দেখানো হয়।

পরে ভোর প্রায় ৩টার দিকে ফরিদাবাদের এসজিএম নগরের রাজা চকের কাছে গাড়ি থেকে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়। এতে তার মুখে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

আহত নারী বারবার তার বোনকে ফোন করার চেষ্টা করেন। পরে বোনের সঙ্গে যোগাযোগ হলে পুরো ঘটনার বর্ণনা দেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার মুখে ১০-১২টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও মানসিকভাবে তিনি গভীরভাবে আহত। পুলিশ জানিয়েছে, এখনো তার আনুষ্ঠানিক জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি।

ভুক্তভোগীর বোন জানান, ঘটনার আগের রাতে রাত সাড়ে ৮টার দিকে ওই নারী তাকে ফোন করে জানান, মায়ের সঙ্গে ঝগড়ার পর তিনি এক বান্ধবীর বাড়িতে যাচ্ছেন এবং তিন ঘণ্টার মধ্যে ফিরবেন।

পুলিশ জানায়, ওই নারী বিবাহিত এবং তিন সন্তানের মা। পারিবারিক বিরোধের কারণে তিনি স্বামীর সঙ্গে আলাদা বসবাস করছিলেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং তাদের ব্যবহৃত গাড়ি উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ জানিয়েছে, দ্রুত চার্জশিট দাখিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শেয়ার করুন