চীনা প্রেসিডেন্ট শি জিনপিং চীন সরকার ও জনগণের পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রুশ জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন পুতিনও। বুধবার (৩১ ডিসেম্বর) তাদের মধ্যে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
শি জিনপিং বলেন, চীন ও রাশিয়া একসাথে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ, সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন করেছে। তিনি বলেন, এই ঐতিহাসিক স্মরণ বিশ্বকে একটি সুস্পষ্ট বার্তা দেয়—শান্তিই জয়ী হয়, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় এবং শেষ পর্যন্ত জনগণই বিজয়ী হয়।
তিনি আরও উল্লেখ করেন, ২০২৫ সাল চীন-রাশিয়ার ব্যাপক কৌশলগত সমন্বয় অংশীদারিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির বছর। চলতি বছরে বেইজিং ও মস্কোয় দুই নেতা সাক্ষাৎ করেছেন এবং পারস্পরিক স্বার্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর মতবিনিময় করেছেন।
শি জিনপিং জানান, দুই দেশের মধ্যে পারস্পরিক ভিসামুক্ত নীতি কার্যকর হয়েছে, জ্বালানি করিডোর নির্মাণকাজ ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে এবং উদীয়মান বিভিন্ন খাতে সহযোগিতা আরও বিস্তৃত হয়েছে। তিনি বলেন, জাতিসংঘসহ বহুপাক্ষিক কাঠামোর ভেতর চীন-রাশিয়া একে অপরকে সমর্থন দিয়ে আসছে এবং বৈশ্বিক শাসনব্যবস্থা উন্নত করতে যৌথভাবে অবদান রাখছে।
চীনা প্রেসিডেন্ট আরও বলেন, ২০২৬ সাল হবে চীন-রাশিয়া কৌশলগত সমন্বয় অংশীদারিত্বের ৩০তম বার্ষিকী এবং দুদেশের সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির ২৫তম বার্ষিকী। এ উপলক্ষ্যে ২০২৬–২০২৭ সালকে ‘চীন-রাশিয়া শিক্ষাবর্ষ’ হিসেবে ঘোষণা করা হবে।
শি জিনপিং নতুন যুগে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও আদান-প্রদানের আগ্রহও প্রকাশ করেছেন।





