শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জানাজাস্থলে এসে পৌঁছেছেন তারেক রহমান

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসে পৌঁছেছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে তিনি জানাজাস্থলে উপস্থিত হন।

মায়ের মরদেহবাহী গাড়ির সঙ্গে ভারাক্রান্ত মন নিয়ে তারেক রহমানকে জানাজাস্থলে প্রবেশ করতে দেখা যায়। এ সময় সেখানে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকা এ সময় বিপুল জনসমাগমে পরিণত হয়। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢলে পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

জানাজাস্থলে এরই মধ্যে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। তারা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।

বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জানাজা শেষে তাকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার কথা রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন।

শেয়ার করুন