মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, ৩ শিশুসহ ৪ জন আহত

ছবি: রয়টার্স থেকে নেওয়া

ইউক্রেনের ওদেসা অঞ্চলে রাশিয়া বুধবার (৩১ ডিসেম্বর) ভোররাতে ড্রোন হামলা চালিয়েছে। হামলায় আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষ জানায়, এতে তিন শিশুসহ চারজন আহত হয়েছেন। খবরটি প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

কৃষ্ণসাগরের তীরবর্তী ওদেসা বন্দরনগরী প্রায় চার বছর ধরে চলা যুদ্ধে বারবার রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে। এসব হামলায় জ্বালানি, পরিবহন ও বন্দর অবকাঠামোর পাশাপাশি আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ওদেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার টেলিগ্রাম বার্তায় জানান, “আমাদের অঞ্চলে আবাসিক এলাকা, সরবরাহ ব্যবস্থা এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে স্ট্রাইক ড্রোন হামলা চালানো হয়েছে।”

ওদেসা সামরিক প্রশাসনের প্রধান সেরহিই লিসাক জানান, আহতদের মধ্যে রয়েছেন সাত মাসের এক শিশু, আরও দুই শিশু এবং ৪২ বছর বয়সী এক ব্যক্তি। তিনি বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বেশ কয়েকটি উঁচু আবাসিক ভবনের সম্মুখভাগ ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

লিসাক সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ছবি প্রকাশ করেছেন, যেখানে দেখা গেছে বহুতল ভবন থেকে ধোঁয়া উঠছে, জানালায় আগুন জ্বলছে এবং দমকল বাহিনীর পানির জেট ভবনের দিকে ছোড়া হচ্ছে।

রয়টার্স এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন