দীর্ঘ সময় জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে হার মানলেন শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ব্যাটার আকশু ফার্নান্ডো। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে প্রায় সাত বছর কোমায় থাকার পর মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২০১৮ সালের ২৮ ডিসেম্বর, কলম্বোর দক্ষিণ উপশহর মাউন্ট লাভিনিয়ায় সমুদ্রতটে অনুশীলন শেষে একটি অরক্ষিত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন আকশু। দুর্ঘটনার পর তিনি অধিকাংশ সময় লাইফ সাপোর্টে ছিলেন।
ডানহাতি প্রতিভাবান ব্যাটার আকশুর ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার তখনই গতি পাচ্ছিল। ওই ঘটনার মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছিলেন।
অফস্পিন বোলিং-এও তিনি উন্নতি করছিলেন। সিনিয়র পর্যায়ে তাঁর নামের পাশে সাতটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস ছিল। নয় বছরের ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারে আকশু খেলেছেন কল্টস ক্রিকেট ক্লাব, পানাদুরা স্পোর্টস ক্লাব, চিলাও মারিয়ন্স স্পোর্টস ক্লাবসহ একাধিক শীর্ষ ক্লাবের হয়ে।
আকশুর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্যকার ও রাগামা ক্রিকেট ক্লাবের জ্যেষ্ঠ কর্মকর্তা রোশন আবেসিংহে।
“তিনি ছিলেন একজন অসাধারণ তরুণ, যার সম্ভাবনাময় ক্যারিয়ার নির্মম এক দুর্ঘটনায় থেমে যায়। স্কুল ক্রিকেট ও রাগামা ক্লাবের হয়ে তিনি ছিলেন মানসম্পন্ন একজন খেলোয়াড়,” তিনি বলেন।
“যারা তাকে চিনতাম, আমাদের সবার জন্য আজকের দিনটি খুবই বেদনাদায়ক। তিনি ছিলেন প্রফুল্ল, বন্ধুসুলভ এবং প্রকৃত অর্থেই একজন ভদ্রলোক। আমরা আজীবন তোমাকে মনে রাখব, আকশু। শান্তিতে ঘুমাও।”





