শ্রমিকদের পুষ্টি ও সামগ্রিক স্বাস্থ্য উন্নয়নে নতুন উদ্যোগ: গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন।
সমঝোতা স্মারকটি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার এফবিসিসিআই সভাকক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সই করা হয়। এতে স্বাক্ষর করেন গেইনের কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার, এফবিসিসিআইয়ের প্রশাসক আব্দুর রহিম খান এবং ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
এই ত্রিপক্ষীয় সহযোগিতার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের বিভিন্ন শিল্পখাতে কর্মরত শ্রমিকদের পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত অবস্থা উন্নত করা। এর আওতায় নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা বৃদ্ধি, স্বাস্থ্যবান্ধব কর্মপরিবেশ গঠন, এবং খাদ্য নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির জন্য কার্যক্রম গ্রহণ করা হবে।
সমঝোতা স্মারকের মাধ্যমে শ্রমিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং এটি দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গেইনের সিনিয়র অ্যাডভাইজার খন্দকার মোস্তান হোসেইন, প্রজেক্ট ম্যানেজার জি এম সুমন, এফবিসিসিআইয়ের হেড অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মো. জাফর ইকবাল, অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শহিদুল্লাহ (অব.), জয়েন্ট সেক্রেটারি শামিমুল রহমান, অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল ইফরাত আরা বেগম এবং ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ভূঁইয়া।





