শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে ফিরোজার পথে

বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’র উদ্দেশে নেওয়া হচ্ছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে মরদেহবাহী গাড়ি হাসপাতাল ত্যাগ করে। গাড়িটির চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

ডিএমপির নির্ধারিত রুট অনুযায়ী, মরদেহবাহী গাড়ি এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে নৌ সদর দপ্তরের পাশ দিয়ে গুলশান–২ এলাকার বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছাবে।

ফিরোজায় কিছুক্ষণ অবস্থানের পর মরদেহ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ধরে এয়ারপোর্ট রোডে উঠে মহাখালী ফ্লাইওভার পার হয়ে জাহাঙ্গীরগেট ও বিজয় সরণি দিয়ে অগ্রসর হবে। এরপর উড়োজাহাজ ক্রসিংয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে।

দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে দুপুর সাড়ে ৩টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে দাফন করা হবে।

এদিকে, প্রচণ্ড শীত উপেক্ষা করে ভোর থেকেই রাজধানীতে দলে দলে মানুষ জানাজায় অংশ নিতে আসছেন। রাত থেকেই এভারকেয়ার হাসপাতাল, গুলশান কার্যালয়, ফিরোজা ও জাতীয় সংসদ ভবন এলাকায় নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।

বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসছেন ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধিরা। জানাজা ও দাফনকে ঘিরে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

উল্লেখ্য, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শেয়ার করুন