বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ৪৬তম বিসিএসের আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩০ ডিসেম্বর ২০২৫ ভোর ৬টায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) উপলক্ষে সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
পিএসসি জানিয়েছে, “এমতাবস্থায়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৪৬তম বিসিএসের যে মৌখিক পরীক্ষা ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।”
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।





