দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার থেকে আগামী এক সপ্তাহ বিএনপির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। একই সময়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
এছাড়াও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে অবস্থিত চেয়ারপারসনের কার্যালয়সহ দলের সব কার্যালয়ে শোক বই খোলা রাখা হবে।
মঙ্গলবার সকাল ৯টায় দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এরপরই এসব কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কর্মসূচি ঘোষণার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, এসব কর্মসূচি প্রাথমিকভাবে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে বিএনপি।





