সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মনোনয়ন দাখিল

নওগাঁ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৪ (মান্দা) আসনে প্রধান দুই রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুলসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এরপর একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব জেলা রিটার্নিং অফিসারের কাছে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমির ডা. আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকীব, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, প্রার্থীর পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক এবাদুর রহমানসহ দলের নেতাকর্মীরা।

মনোনয়ন দাখিল শেষে উভয় দলের প্রার্থীরাই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি তাঁরা চাঁদাবাজি, ধান্দাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শেয়ার করুন