রবিবার, ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের জায়গায় টিপসই ব্যবহার

ছবি: সংগৃহীত

বগুড়ার গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ৩টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই মনোনয়নপত্র দাখিল করেন। তবে অসুস্থতার কারণে এবারের মনোনয়নপত্রে খালেদা জিয়ার চিরাচরিত স্বাক্ষরের পরিবর্তে তার আঙুলের ছাপ (টিপসই) ব্যবহার করা হয়েছে।

মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হেলালুজ্জামান তালুকদার। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ এবং ইশারা-ইঙ্গিতে যোগাযোগ করছেন। মনোনয়নপত্রে খালেদা জিয়ার স্বাক্ষরের বদলে তার আঙুলের ছাপ দেওয়া হয়েছে।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিলের পাশাপাশি এই আসনে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টনও মনোনয়নপত্র দাখিল করছেন।

এ বিষয়ে মোরশেদ মিল্টন বলেন, “দলের হাইকমান্ডের নির্দেশেই আমি মনোনয়নপত্র দাখিল করছি। প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়ে হাইকমান্ড এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

মনোনয়নপত্র দাখিলের সময় হেলালুজ্জামান তালুকদারের সঙ্গে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক এবং গাবতলী পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

বগুড়ার গাবতলী বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। ১৯৯১ সালে খালেদা জিয়া প্রথমবার এই আসনে প্রার্থী হয়ে জয়লাভ করেন। এরপর থেকে প্রতিটি নির্বাচনে তিনি এখান থেকে বিজয়ী হয়েছেন। তবে জয়ের পর আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে হেলালুজ্জামান তালুকদার তিনবার এবং ২০০৮ সালে প্রয়াত মওদুদ আহমদ সংসদ সদস্য নির্বাচিত হন।

শেয়ার করুন