শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আসুন দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি: তারেক রহমান

দীর্ঘ দেড়যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে প্রবেশ করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কার্যালয়ে ঢুকে সোজা চলে যান দোতলার বারান্দায়। সেখানে দাঁড়িয়ে জড়ো হওয়া নেতাকর্মীদের সালাম দিয়ে তিনি বলেন, “শুধু এতটুকুই বলব—আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি।”

সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে তারেক রহমানের আগমন ঘিরে নয়াপল্টনের কার্যালয়ে সাজসাজ রব চোখে পড়ে। তবে উপস্থিত নেতাকর্মীদের ভিড়ে কার্যালয়ে ঢুকতে তারেকের কিছুটা সময় লেগে যায়। ৪টার দিকে তিনি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তারেক রহমান বলেন, “এক মিনিট কথা বলি আপনাদের উদ্দেশে। আজকে কোনো দলীয় কর্মসূচি নেই। সেদিন আমি আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখব। শুধু এতোটুকু বলব—যার যতটুকু অবস্থান আছে, আসুন দেশটাকে নতুন করে তোলার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন।”

তিনি আরও বলেন, “যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই, কোথাও যদি রাস্তায় এক টুকরো কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, তা আমরা সরিয়ে দেব। এভাবে ছোট ছোট কাজের মাধ্যমে আসুন আমরা দেশটাকে গড়ে তুলি।”

এসময় মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে তারেক রহমান বলেন, “সকলে ভালো থাকবেন। আমার জন্যও এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন।”

এর আগে বেলা ৩টায় তারেক রহমান গুলশান এভিনিউর বাসভবন থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। বিকেল ৪টায় কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। এসময় তারেক রহমানকে ঘিরে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

শেয়ার করুন