ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে নির্ধারিত সময়ের পরে আসায় জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেননি।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে যান। তবে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর তিনি আসায় তা গ্রহণ করা হয়নি।
জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, ‘তাকে (হিরো আলম) বলা হয়েছিল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে আসতে পারেননি, তাই নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।’
এর আগে আজ দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়নপত্র তোলেন হিরো আলম। তিনি আমজনতা পার্টি থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন।
মনোনয়নপত্র জমা না নেওয়া নিয়ে হিরো আলম বলেন, ‘আমার ফরম পূরণ করতে ৩০ মিনিট বেশি সময় লেগেছে। সাড়ে ৫টায় আসার পর মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি।’





