অপু দাস, স্টাফ রিপোর্টার :
থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে রাজশাহী মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নগরবাসীর স্বস্তিকর জীবনযাপন বজায় রাখতে একগুচ্ছ কঠোর নির্দেশনা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন–১৯৯২-এর ২৬ এর (১) (ছ) ও (চ), ২৯ এর (১) (ক) (খ) এবং ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে আরএমপি কমিশনার এ নির্দেশনা জারি করেন। আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ থার্টি ফার্স্ট নাইট এবং পরবর্তী ইংরেজি নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে এসব নির্দেশনা কার্যকর থাকবে।
নির্দেশনায় বলা হয়, থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে অনুমতি ব্যতীত রাজশাহী মহানগর এলাকার কোনো সর্বসাধারণের ব্যবহার্য স্থান, রাস্তা, উন্মুক্ত স্থান কিংবা ভবনের ছাদে কোনো ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, গণজমায়েত, নাচ-গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাদ্যযন্ত্র ব্যবহার, ডিজে পার্টি, র্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। এছাড়া উক্ত সময়ে রাজশাহী মহানগর এলাকায় যেকোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এসব কার্যক্রম জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী মহানগর এলাকার সকল বার ও মদের দোকান বন্ধ থাকবে। একই সঙ্গে দেশি ও বিদেশি মদ, স্পিরিট বা অ্যালকোহল, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবাসহ সব ধরনের নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রয় নিষিদ্ধ থাকবে।
তবে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আবাসিক হোটেলগুলো সীমিত পরিসরে এবং নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান আয়োজন করতে পারবে, তবে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সকল বিধিনিষেধ মেনে চলতে হবে।
ইংরেজি নববর্ষের প্রাক্কালে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত রাজশাহী মহানগরের বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশস্থল ও উৎসব এলাকায় সব ধরনের লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি এবং বিস্ফোরক দ্রব্য বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এ সময় উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা জনউপদ্রব সৃষ্টি করে এমন কোনো গান-বাজনা চালানো যাবে না। জয়রাইড, বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালানো, রাস্তায় মদ্যপ অবস্থায় চলাফেরা এবং নারীদের প্রতি যেকোনো ধরনের হয়রানি বা ইভটিজিংয়ের ঘটনায় জড়িত উচ্ছৃঙ্খল ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
আরএমপি কর্তৃপক্ষ জানায়, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপনকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।





