মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিখ নেতার ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা হাদির হত্যাকারীদের ধরতে 

যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে সংগঠনটি এই ঘোষণা দেয়।

বিবৃতিতে এসএফজে উল্লেখ করে, ঢাকা মহানগর পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পর সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় অভিযুক্তদের বর্তমান অবস্থান নির্ধারণ, গ্রেপ্তার এবং প্রত্যর্পণ প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখতে পারে এমন নির্ভরযোগ্য তথ্য প্রদানকারীদের জন্য এই অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির জেনারেল কাউন্সেল গুরপতবন্ত সিং পান্নুন এক বিবৃতিতে অভিযোগ করেন, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড ভারতের বর্তমান সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশনায় সংঘটিত হয়েছে। তাঁর দাবি অনুযায়ী, এটি একটি সীমান্ত অতিক্রমকারী সহিংস কার্যক্রমের অংশ, যা পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের কৌশল ও ধরন কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনার সঙ্গে মিল রয়েছে, যা আন্তর্জাতিক পরিসরে উদ্বেগজনক দৃষ্টান্ত সৃষ্টি করেছে বলে তাঁর মন্তব্য।

এসএফজে তাদের বিবৃতিতে জানায়, পুরস্কার ঘোষণার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অভিযুক্তদের শনাক্ত, গ্রেপ্তার ও আইনি প্রক্রিয়ার আওতায় আনতে সহযোগিতা করা।

এদিকে, এ বিষয়ে ভারতের কোনো সরকারি সংস্থা কিংবা ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুন