মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গত পাঁচ বছরে সর্বোচ্চ ভারতীয় ফেরত পাঠিয়েছে সৌদি আরব

গত পাঁচ বছরে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। গত শনিবার ভারতের উচ্চকক্ষ রাজ্যসভায় পররাষ্ট্র মন্ত্রণালয় উত্থাপিত সরকারি তথ্যের ভিত্তিতে এই তথ্য জানানো হয়। বিষয়টি পরবর্তীতে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে প্রতিবেদন হিসেবে প্রকাশ করেছে।

ভারতের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে সৌদি আরব থেকে।

রিয়াদে অবস্থিত ভারতের দূতাবাসের তথ্যে জানা যায়, ২০২১ সালে ৮৮৮৭ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়। ২০২২ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০,২৭৭ জনে। ২০২৩ সালে ফেরত পাঠানো ভারতীয় নাগরিকের সংখ্যা ১১,৪৮৬ জন, ২০২৪ সালে ৯,২০৬ জন এবং চলতি বছরের এখন পর্যন্ত ৭০১৯ জনকে ফেরত পাঠানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উপসাগরীয় দেশগুলিতে সবচেয়ে বেশি ভারতীয়কে ফেরত পাঠানোর কারণ হলো অভিবাসন সংক্রান্ত আইন লঙ্ঘন। বিশেষ করে ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া এবং শ্রম আইন লঙ্ঘনের ঘটনা সব থেকে বেশি। কর্মকর্তারা জানান, এই ধরনের লঙ্ঘন ছাড়াও কাজের অনুমতি ছাড়া কর্মসংস্থান ও বসবাস আইনের নিয়ম না মানার জন্য ভারতীয় নাগরিকদের দেশে ফেরত পাঠানো হয়।

সৌদি আরবের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, উপসাগরীয় অঞ্চলে, বিশেষ করে সৌদি আরবে, নিয়মিতভাবে ভিসা মেয়াদোত্তীর্ণ থাকা, বৈধ অনুমতি ছাড়া কর্মসংস্থান এবং বসবাস সংক্রান্ত আইন লঙ্ঘনের কারণে ব্যাপক পরিমাণে প্রত্যাবাসন কার্যক্রম চালানো হচ্ছে।

অন্যদিকে, ওয়াশিংটনে চলমান অভিবাসন সংক্রান্ত বিতর্ক তীব্র হলেও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর হার তুলনামূলকভাবে অনেক কম। ফলে আন্তর্জাতিক প্রচারের সঙ্গে বাস্তব পরিসংখ্যানের মধ্যে এক স্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়।

শেয়ার করুন