জুম্মান হোসেন, নিজস্ব প্রতিবেদক :
যশোরের সদর উপজেলায় বাবার রেখে যাওয়া ইঞ্জিনচালিত ভ্যানে খেলতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। চাবি লাগানো অবস্থায় থাকা ভ্যানটির হ্যান্ডেলে শিশুটি হাত দিলে সেটি সজোরে একটি গাছে ধাক্কা খায়। এতে গুরুতর আহত শিশুটি আজ রোববার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়।
নিহত শিশুর নাম রুহান (৫)। সে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুর আনুমানিক দুইটার দিকে রবিউল ইসলাম তাঁর ইঞ্জিনচালিত ভ্যানটি নিয়ে বাড়িতে ফেরেন। ভ্যানটির চাবি ইগনিশনে রেখেই তিনি পাশের একটি দোকানে যান। এ সময় বাড়ির আঙিনায় খেলছিল শিশু রুহান। একপর্যায়ে সে ভ্যানটির ওপর উঠে পড়ে। অসাবধানতাবশত ভ্যানের হ্যান্ডেলে তার হাত পড়লে ইঞ্জিন চালু হয়ে গাড়িটি চলতে শুরু করে। নিয়ন্ত্রণহীন ভ্যানটি সামনে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে রুহান নিচে পড়ে মাথায় ও বুকে গুরুতর আঘাত পায়।
স্বজনেরা রুহানকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫ সকাল ছয়টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য বর্তমানে সেটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। সামান্য অসাবধানতার কারণে একটি প্রাণ অকালে ঝরে যাওয়ায় পরিবারটি বাকরুদ্ধ হয়ে পড়েছে।





