শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিকরগাছা যুবদল নেতা নিখোঁজের অভিযোগে মহাসড়ক অবরোধ, পরে কেশবপুর থেকে উদ্ধার

জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি : 
যশোরের ঝিকরগাছা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন নিখোঁজ হওয়ার অভিযোগে যশোর–বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বজন ও বিএনপি–যুবদলের নেতাকর্মীরা। রোববার (২৮ ডিসেম্বর) সকাল থেকে ঝিকরগাছা উপজেলার লাউজানি এলাকায় এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পণ্যবাহী ট্রাকচালকেরা।
অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেন এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। এ সময় তাঁরা ‘রাসেল ভাই গুম হলো কেন প্রশাসন জবাব দাও’ স্লোগান দেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন যশোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল (মুন্নি)। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দ্রুত উদ্ধারের আশ্বাস দেন।
পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে রাসেল হোসেন নিখোঁজ হন। নিখোঁজের পর ঝিকরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও দীর্ঘ সময় ধরে তাঁর কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগ বাড়তে থাকে। পরিবারের অভিযোগ, রাজনৈতিক কর্মী হওয়া সত্ত্বেও বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি।
অবরোধের কারণে সকাল ৯টা ৫৫ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। পরে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম প্রথম আলোকে বলেন, নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে এবং পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।
এর মধ্যেই রোববার দুপুরে রাসেল হোসেনকে কেশবপুর উপজেলা থেকে উদ্ধার করা হয়। রাসেলের এক বন্ধু ও জিয়া সাইবার ফোর্স ঝিকরগাছা উপজেলা কমিটির আহ্বায়ক সাংবাদিকদের জানান, দুপুর পৌনে দুইটার দিকে তাঁরা খবর পান যে রাসেল কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি এলাকায় অবস্থান করছেন। পরে তাঁর ভাই ও স্বজনেরা সেখানে গিয়ে তাঁকে খুঁজে পান। ওসি মো. শাহজালাল আলম বলেন, “কেশবপুর থেকে রাসেল হোসেনকে উদ্ধার করা হয়েছে। সেখানে পুলিশের ডিবির একটি দল রয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে।”
পারিবারিক সূত্র জানায়, নিখোঁজ হওয়ার দিন বিকেলে রাসেল হোসেন যশোর শহরের এয়ারপোর্ট কলোনিতে শ্বশুরবাড়িতে যান। সন্ধ্যায় নিজ গ্রামে ফিরে রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। উল্লেখ্য, রাসেল হোসেন নিখোঁজের প্রতিবাদ ও দ্রুত উদ্ধারের দাবিতে রোববার সকালে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যশোর–বেনাপোল মহাসড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা পর পুলিশের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
শেয়ার করুন