বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাম্পের উদ্দেশে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার (২৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তিনি পরের দিন ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এই তথ্য নিশ্চিত করেছেন এক ইসরাইলি কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে।

চলতি বছরে এটি নেতানিয়াহুর পঞ্চম সফর, যেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনা করবেন। সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ট্রাম্প প্রশাসন এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীরা গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের মধ্যে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি প্রক্রিয়ার অগ্রগতির জন্য চাপ দিচ্ছে।

ডিসেম্বরের মাঝামাঝি মার-এ-লাগো রিসোর্টে গিয়ে ট্রাম্প সাংবাদিকদের জানান, বড়দিনের ছুটির সময় নেতানিয়াহু ফ্লোরিডায় আসবেন এবং তার সঙ্গে দেখা করবেন। তিনি তখন বলেন, “সে আমার সঙ্গে বৈঠক করতে চায়। আনুষ্ঠানিকভাবে এখনো কিছু চূড়ান্ত হয়নি, তবে সে দেখা করতে ইচ্ছুক।”

ইসরাইলি দৈনিক ইদিয়োথ আহরোনোত জানিয়েছে, এই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হবে। এর মধ্যে রয়েছে ইরান সম্পর্কিত ইস্যু, ইসরাইল-সিরিয়া নিরাপত্তা চুক্তি, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি এবং গাজা চুক্তির পরবর্তী ধাপগুলি।

শেয়ার করুন