সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হলেন। তিনি মো. তারেক রহমানের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে ‘আমজনতার দলে’ যোগদান করেছেন। বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হিরো আলম।
রবিবার সন্ধ্যায় দলীয় সিদ্ধান্ত ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি। এ সময় হিরো আলম বলেন, “আমি যেহেতু আগামী সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি তাই তাই এবার স্বতন্ত্র নয়, রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করব বলে আগে থেকেই ঠিক করেছিলাম।”
তিনি জানান, দল বাছাইয়ের ক্ষেত্রে আদর্শকে গুরুত্ব দিয়েছেন। এ প্রসঙ্গে হিরো আলম বলেন, “এরইমধ্যে কয়েকটি দলের সঙ্গে কথা হয়েছে। তবে আদর্শগত মিল না থাকায় আমি যোগ দিইনি। তারেক রহমান ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে বেশ কয়েকবার। শেষে আমি তার আমজনতার দলেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই।”
দলে আনুষ্ঠানিক যোগদান প্রসঙ্গে তিনি আরও বলেন, “আজ সন্ধ্যায় আমি আনুষ্ঠানিকভাবে তারেক ভাইয়ের আমজনতার দলে যোগ দিয়েছি। আসন্ন সংসদ নির্বাচনে এই দল থেকেই প্রার্থী হব। আজকেই সংবাদ সম্মেলন করে সব কিছু জানাব।”
এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হিরো আলমের রাজনৈতিক অবস্থান স্পষ্ট হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





