এনসিপির অভ্যন্তরে জামায়াতের সঙ্গে জোট সংক্রান্ত মতবিরোধের পরে জোটপন্থীরা নতুন পদক্ষেপ নিয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে আহ্বায়কের কাছে পাঠানো চিঠিতে জোটের পক্ষে থাকা নেতারা গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়গুলোতে নিজেদের সমর্থন জানিয়েছেন।
সূত্র জানায়, চিঠিতে স্বাক্ষরকারী জোটপন্থী নেতাদের সংখ্যা ১৭০ ছাড়িয়ে যেতে পারে। চিঠিতে নেতারা উল্লেখ করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বাস্তবসম্মত ও কৌশলগত সিদ্ধান্ত নেওয়া জরুরি। তারা বলেন, দলের আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ কৌশলগত অবস্থানকে রক্ষা করা এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনর্গঠন ও প্রাতিষ্ঠানিক সংস্কারকে টেকসই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নেতারা আরও উল্লেখ করেছেন, এনসিপি যদি কোনো রাজনৈতিক দল বা জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা বা জোট গঠনের সিদ্ধান্ত নেয়, তবে তারা সেই সিদ্ধান্তের পূর্ণ সমর্থন ও সম্মতি প্রকাশ করছেন। পাশাপাশি, নির্বাহী কাউন্সিলের সুপারিশ অনুযায়ী আহ্বায়ক ও সদস্যসচিব কর্তৃক গৃহীত যেকোনো জোট বা সমঝোতা সংক্রান্ত পদক্ষেপে তাদের আস্থা রয়েছে।
চিঠিতে নেতারা বিশ্বাস প্রকাশ করেছেন যে, আহ্বায়কের দূরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে এনসিপি সময়োপযোগী ও ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছাবে। এই সিদ্ধান্ত দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার পাশাপাশি জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে।
চিঠিতে স্বাক্ষরকারী নেতাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, জাভেদ রাসীন, আরিফুর রহমান তুহিন, সাইফুল্লাহ হায়দার, আতাউল্লাহ, মাহমুদা মিতু, মাহিন সরকার, এহতেশাম হক, আশিকিন আলম, ডা. আবদুল আহাদ, সুলতান মুহাম্মদ জাকারিয়া, আলী নাসের খান, আলাউদ্দিন মোহাম্মদ, দিলশানা পারুল, মাহবুব আলম, হাফসা জাহান, ফয়সাল মাহমুদ শান্ত, জুবায়রুল হাসান আরিফ, ব্যারিস্টার নুরুল হুদা জুনায়েদ ও কৈলাশ চন্দ্র রবিদাসসহ আরও অনেকে।





