শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে দেশের মানুষকে দোয়ার অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য সাংবাদিকদের জানান। পরে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও বিষয়টি শেয়ার করা হয়।

ডা. জাহিদ হোসেন বলেন, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়েছে, এমনটি বলা যায় না। তিনি বর্তমানে সংকটময় মুহূর্ত পার করছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।”

খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তার চিকিৎসার দায়িত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড রয়েছে, যার নেতৃত্বে রয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার।

হাসপাতালে ভর্তি হওয়ার পর কয়েকদিনে তিনি নিউমোনিয়া, ফুসফুস ও হৃদযন্ত্রের জটিল সংক্রমণের কারণে ‘সংকটাপন্ন’ অবস্থায় ছিলেন। বর্তমান সময়ে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা অব্যাহত রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন