রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তানোরে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

অপু দাস, স্টাফ রিপোর্টার :
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, অবৈধ অস্ত্র, মাদক, জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে আরেকটি সফল অভিযান পরিচালনা করেছে র‍্যাব-৫।
গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে ভোর ১টা ৪০ মিনিট পর্যন্ত রাজশাহীর তানোর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে তানোর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, চুনিয়াপাড়া গ্রামের এন্তাজ আলীর বসতবাড়ির পশ্চিম পাশে গরু রাখার গোয়ালঘরের পেছনে রান্নার লাকড়ির নিচে, একই এলাকার আব্দুস সোবাহানের বসতবাড়ির উত্তর পাশে খড়ি রাখার ঘরের খড়ের নিচে এবং জয়নাল নামের এক ব্যক্তির বসতবাড়ির উত্তর পাশের খড়ি রাখার ঘর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে, একটি কাঠের হাতলযুক্ত বিদেশি পিস্তল, যার গায়ে ইংরেজিতে “MADE IN USA 7.0-5 MM” লেখা রয়েছে, দুটি সিলভার রঙের খালি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, বারোটি শর্টগানের গুলি, চারটি পাইপগান এবং ছয়টি চিকন পাইপসহ বিভিন্ন ধরনের অস্ত্রের খুচরা যন্ত্রাংশ। এ বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলে তারা উদ্ধারকৃত পিস্তল ও গুলির মালিকানা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও সংশ্লিষ্ট কেউ অস্ত্রগুলোর উৎস বা মালিক সম্পর্কে কিছু জানাতে পারেনি বলে জানিয়েছে র‍্যাব।
পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে তানোর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তারা সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে।
শেয়ার করুন