বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে শাহবাগ মোড় ছেড়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শনিবার বেলা পৌনে ১১টায় গুলশানের নিজ বাসভবন থেকে যাত্রা শুরু করেন তিনি। প্রায় ১৫ মিনিটের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে পৌঁছান। কবর জিয়ারতের পাশাপাশি তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, “আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।”
গতকাল দুপুর থেকে শনিবার সকাল পর্যন্ত শাহবাগ মোড়ের হাদি চত্বরে অবস্থান রেখেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। হাদির হত্যার বিচারের দাবিতে তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে রাতভর অবস্থান করেছেন। তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলেও জানিয়েছেন। তারেক রহমানের কবর জিয়াতের কর্মসূচি শেষে তারা দুপুর ১২টায় পুনরায় শহীদ হাদি চত্বরে অবস্থান নেবেন।
এদিকে সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ছাত্রদল। তারা জড়ো হয়ে স্লোগান দিয়ে উপস্থিত সবাইকে উজ্জীবীত করার চেষ্টা করছেন। তারা জানিয়েছে, তারেক রহমানের আগমন উপলক্ষ্যে তারা শাহবাগে এসেছেন।





