বিশ্ব বাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব দেশে পড়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম কার্যকর করা হয়েছে। মঙ্গলবার সমন্বয় করে নির্ধারিত এই দামেই শনিবার (২৭ ডিসেম্বর) স্বর্ণ বিক্রি হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়াবে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা (মঙ্গলবার ছিল ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা)।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ১৭ টাকা (মঙ্গলবার ছিল ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা), ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা (মঙ্গলবার ছিল ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা), এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা (মঙ্গলবার ছিল ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা)। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হার পরিবর্তিত হতে পারে।





