জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ছাত্রশিবির এমন একটি সংগঠন, যারা দুনিয়ার বিনিময়ে আখেরাতকে বেছে নিয়েছে এবং দ্বীনের জন্য জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “ছাত্রশিবির সেই প্রাণ, সেই সত্তা—তারা দুনিয়াকে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। তারা দ্বীনের জন্য জীবনকে বিলিয়ে দিতে পারে।” তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার পথে ছাত্রশিবিরের এই অভিযাত্রার সঙ্গে গোটা জাতি রয়েছে এবং এই যাত্রায় তারা সহযোগিতা করবে।
তিনি বলেন, “তারা দুনিয়ার স্বার্থ, সম্পদ, গাড়ি-বাড়ি, সম্মান বিক্রি করে দিয়েছে। দুনিয়ায় তাদের দাবিয়ে রাখা যাবে না।”
জামায়াতের এই নেতা অভিযোগ করেন, ছাত্রশিবিরের আদর্শকে যুক্তি ও আদর্শ দিয়ে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি গোষ্ঠী অপপ্রচার ও মিথ্যাচারের পথ বেছে নিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “জাতি কোনো মিথ্যাচার বিশ্বাস করবে না। রাজনীতির ইতিহাসে এটা একটা মহাসত্য।”
তিনি আরও বলেন, “ছাত্রশিবির হলো দুঃসাহসী, নির্ভীক বিজয়ী বীর। অনেক আত্মত্যাগ ও শাহাদাতের রক্তের বিনিময়ে আমরা এখানে এসে পৌঁছেছি। একটা কালো যুগ পেছনে ফেলে এসেছি।”
ছাত্রশিবিরকে স্বাধীনতাবিরোধী ও গুপ্ত সংগঠন হিসেবে আখ্যা দেওয়ার সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর সত্য সামনে এসেছে। তিনি দাবি করেন, চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও জনগণ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে, যা প্রমাণ করে শিক্ষার্থীরা মিথ্যা প্রচারে বিভ্রান্ত হয়নি।
বক্তব্যের শেষে তিনি বলেন, “যারা আল্লাহকে পাওয়ার জন্য জীবন বিলিয়ে দেয়, তাদের খুন, ফাঁসি, রিমান্ড, আয়নাঘর ও ক্রসফায়ার দিয়ে দমিয়ে রাখা যাবে না।”





