মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মেঘনায় লঞ্চ সংঘর্ষে তদন্ত কমিটি ও নিহতদের আর্থিক সহায়তা

চাঁদপুরে মেঘনা নদীতে এমভি সম্রাট–৩ ও এমভি অ্যাডভেঞ্চার–৯ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনার পর সরকারের উদ্যোগে তদন্ত ও সহায়তার কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। একই দিনে নৌপরিবহন উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন দুর্ঘটনাকবলিত লঞ্চ এমভি জাকির সম্রাট–৩ পরিদর্শন করেন এবং নিহতদের পরিবারকে দেড় লাখ টাকা করে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেন। এছাড়া লঞ্চ মালিক পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

সরকারি আদেশ অনুযায়ী, মেঘনা নদীতে সংঘটিত এই লঞ্চ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে আট সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুহিদুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন—নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. এমরান হোসেন, নৌপরিবহন অধিদফতর, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ কোস্ট গার্ড এবং বাংলাদেশ নৌ পুলিশের একজন করে প্রতিনিধি। কমিটির সদস্য সচিবের দায়িত্বে থাকবেন সিনিয়র সহকারী সচিব এটিএম মোর্শেদ। প্রয়োজন হলে কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করার অনুমতি পাবেন।

তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে সংঘর্ষের প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করা। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের নৌ-দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।

দুর্ঘটনার প্রাথমিক তথ্য অনুযায়ী, ঢাকাগামী এমভি জাকির সম্রাট–৩ লঞ্চ ঘোষের হাট থেকে ছেড়ে আসার পর গভীর কুয়াশার মধ্যে চাঁদপুর জেলার হাইমচর থানাধীন মেঘনা নদীতে সংঘর্ষে পড়েন। অপরদিকে, অ্যাডভেঞ্চার–৯ লঞ্চ ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে যাত্রা করছিল। সংঘর্ষে এমভি জাকির সম্রাট–৩ লঞ্চ ক্ষতিগ্রস্ত হয় এবং এতে চারজন যাত্রী নিহত হন। আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

নৌপরিবহন উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন জানান, অ্যাডভেঞ্চার–৯ লঞ্চের পাঁচজন কর্মীকে ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি ঘন কুয়াশার মধ্যে লঞ্চ চলাচল স্থগিত রাখার নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন