বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফিলিস্তিনি খামারে ইসরায়েলি হামলা, ১৫০ ভেড়া লুট

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা অব্যাহত রেখেছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে রামাল্লাহ শহরের পূর্বাঞ্চলে একটি ফিলিস্তিনি ভেড়ার খামারে হামলা চালিয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে এবং প্রায় ১৫০টি ভেড়া চুরি করা হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, অবৈধ বসতি স্থাপনকারীরা রামাল্লাহর পূর্বাঞ্চলীয় দেইর দিবওয়ান এলাকায় হানা দিয়েছে। তারা জোরপূর্বক খামারে প্রবেশ করে সেখানে কাজ করা দুই শ্রমিককে মারধর করে এবং ভেড়াগুলো নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

দেইর দিবওয়ান শহরটি দীর্ঘদিন ধরে চরমপন্থি অবৈধ বসতি স্থাপনকারীদের লক্ষ্যবস্তু হিসেবে পরিচিত। এর আগে এখানে ভেড়া চুরি, যানবাহন ও দোকানে অগ্নিসংযোগ এবং ফিলিস্তিনিদের ওপর সরাসরি হামলার একাধিক ঘটনা ঘটেছে।

বর্তমানে অধিকৃত পশ্চিম তীরে প্রায় ৭ লাখ ৫০ হাজার অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করছে। এর মধ্যে পূর্ব জেরুজালেমেই প্রায় ২ লাখ ৫০ হাজার বসতি স্থাপনকারী রয়েছেন। তারা প্রায় প্রতিদিনই ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে তাদের জমি ও বসতভিটা ত্যাগ করার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।

ফিলিস্তিনি সরকারি সংস্থা কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন জানিয়েছে, গত নভেম্বর মাসে অবৈধ বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণ ও তাদের সম্পদে ৬২১টি হামলা চালিয়েছে। এছাড়া, ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১ হাজার ১০৩ জন ফিলিস্তিনি নিহত, প্রায় ১১ হাজার আহত এবং ২১ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।

শেয়ার করুন